বরিশালে বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
বরিশালে বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন কর্মশালা অনুষ্ঠিত

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: বরিশালে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিকভাবে পুনঃএকীভূত করার লক্ষ্যে জেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরীর কাশিপুর গড়িয়ারপাড়ে ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা। ব্র্যাক বরিশালের ডিভিশনাল ম্যানেজার বিভাস চন্দ্র তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. সাইদুর রহমান ও মহিলাবিষয়ক অধিদপ্তরের বরিশাল উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ম্যানেজার মো. হোসেন খান।

সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় ব্র্যাকের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের মনোসামাজিক ও ক্যারিয়ার কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সেবা এবং অর্থনৈতিক পুনর্বাসনে সহায়তা প্রদান করা হচ্ছে।

কর্মশালায় অভিবাসন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এআইএল/সকালবেলা