নওগাঁয় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
নওগাঁয় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের পাশে একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের দাবি, আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মুঠোফোনে কল করে আসাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। রাতে তাঁর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

আজ সকাল ১০টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, নিহতের পরিবারে একটি কলহের তথ্য পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এআইএল/সকালবেলা