বাংলাদেশসহ ১৪ দেশে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্যিক অংশীদার দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন কার্যক্রমের অভিযোগে পরিচালিত তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে পরিচালিত এই তদন্তের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও সার্বিক উৎপাদন পরিস্থিতি খতিয়ে দেখা। তদন্তের তালিকায় ছিল বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশ ও পণ্যের ধরনভেদে নতুন শুল্কের হারে ভিন্নতা থাকবে। এর মধ্যে চীনা পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশসহ তালিকাভুক্ত অন্য দেশগুলোর বিভিন্ন পণ্যের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে যাচ্ছে।
মোট ১৬টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে দীর্ঘ আট মাসের তদন্ত প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্ক আরোপের প্রস্তাব দেয়। তবে তদন্তের আওতায় থাকলেও মেক্সিকো ও নরওয়েকে আপাতত নতুন এই শুল্কের তালিকা থেকে বাদ রাখা হয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগে থেকে থাকা দ্বিপক্ষীয় শুল্কসংক্রান্ত চুক্তির কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে এই নতুন শুল্কের কার্যকর হার কিছুটা কম হতে পারে। অর্থাৎ ঘোষিত শুল্কের ওপর পূর্বসম্মত সর্বোচ্চ সীমা বা ক্যাপ কার্যকর থাকবে।
এআইএল/সকালবেলা