‘মাইগ্রেন সারাতে’ যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: যুব মহিলা লীগ নেত্রীকে নিজের সরকারি বাংলোয় ডাকার অডিও ফাঁসের ঘটনায় ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।
সম্প্রতি দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাজকিরা আক্তার সনির সঙ্গে ওসি ফয়জুল আজিমের একটি টেলিফোন কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
জানা গেছে, গত ১০ নভেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ফয়জুল আজিম তাঁকে ফোন করে দেখা করতে বলেন। জবাবে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন এবং বর্তমানে কুমিল্লার মিয়াবাজার ও চৌদ্দগ্রাম এলাকায় অবস্থান করায় তাঁর পক্ষে দাগনভূঞায় আসা সম্ভব নয়।
ফাঁস হওয়া অডিওতে ওসিকে বলতে শোনা যায়, মাথাব্যথাসহ সব সমস্যা চলে যাবে, শুধু একটু দেখা করে কথা বললেই সব ঠিক হয়ে যাবে। তাঁর কোনো চাওয়া-পাওয়া নেই, কেবল একনজর দেখতে চান বলে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সরাসরি বাংলোয় চলে আসার অনুরোধ জানান তিনি।
প্রত্যুত্তরে সনি বলেন, তিনি দাগনভূঞায় থাকলে অবশ্যই আসতেন, কিন্তু কারাগারের মেঝেতে শুয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও ওসি মানুষের প্রতি আকর্ষণের কথা উল্লেখ করে তাঁকে যেকোনো জায়গা থেকে সরাসরি বাংলোয় চলে আসতে বলেন।
বিতর্কিত এই ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম সাংবাদিকদের জানান, ওই নারী অত্যন্ত দুর্ধর্ষ এবং অনেক কষ্টে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে বেরিয়ে তিনি আবার আত্মগোপনে চলে যাওয়ায় কৌশলে বুঝিয়ে তাঁকে বাংলোয় আনার চেষ্টা করেছিলেন।
ওসি আরও দাবি করেন, সনির কাছে তাঁর প্রতিপক্ষ গ্রুপের গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে এবং তাঁকে সোর্স হিসেবে কাজে লাগিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা ছিল।
এআইএল/সকালবেলা