হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত পিওন জাহাঙ্গীরের ভাগ্নে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বুধবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হিসেবে আলোচিত শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে এই শিপন। রাজধানী ঢাকাকে অস্থিতিশীল করার পেছনে তাঁর ভূমিকা রয়েছে। মামলায় তাঁর সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ায় আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং আসামিপক্ষের আইনজীবীরা তা বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ঘটনার দিন মাসুদুর রহমান শিপন ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারবিরোধী স্লোগান দেন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর তুরাগ থানার দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ।
এআইএল/সকালবেলা