নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: নৌপ্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক: ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি জানান, এই লক্ষ্যেই পাটুরিয়া নৌ-ঘাটসহ দেশের প্রতিটি ঘাটে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হবে। আগে যাত্রীদের নিরাপদে ফেরিতে ওঠানো হবে, এরপর পর্যায়ক্রমে যানবাহন পারাপার করা হবে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।" তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ইতোমধ্যে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
ঘাট কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতোমধ্যে পাটুরিয়া ঘাট দিয়ে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে এবং যাত্রীদের পারাপার নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে ঘাট কর্তৃপক্ষ।