মৌলভীবাজারে চোর চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
মৌলভীবাজারে চোর চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য এবং বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৫ই জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর দলের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩)। দীর্ঘদিন ধরে তাঁরা জেলার বিভিন্ন জনবহুল এলাকায় পকেটমার ও চুরির সাথে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।

এদিকে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) মামলায় আরও ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন— ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান। এছাড়া নিয়মিত অন্য মামলায় থানার আরও ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ১৭ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা