নাটোরে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
নাটোরে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার (২০ জুলাই ২০২৬) নাটোর পৌরসভা, লালপুর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে লালপুর উপজেলায় চারজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ডাবলু হোসেন (৪৬), মো. সোহেল (৩৭), মো. সোলেমান ব্যাপারী (৪৫) ও মো. মৃদুল হোসেন (২৫)।

এছাড়া নাটোর শহরের পড়ুয়ারপাড়া এলাকার জাহিদুল ইসলাম ও তুষার মিয়া এবং নলডাঙ্গার জিহাদ নামের অপর তিনজনকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ বাবু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শীপন খান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, "তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলাজুড়ে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।"

মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন