ভাঙ্গায় রাজ্জাক হত্যা মামলার আসামি সোহেল গ্রেপ্তার
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামে অবস্থিত ‘আলোর দিশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’-এ গত ২৩ জানুয়ারি পিটিয়ে রাজ্জাক মোল্লা (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অন্যতম আসামি সোহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে ভাঙ্গা পৌরসভার পার্শ্ববর্তী বামনকান্দা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।
নিহত রাজ্জাক মোল্লা ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের সামাদ মাতুব্বরের ছেলে এবং একজন পেশাদার পাইকারি মৎস্য ব্যবসায়ী ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন হোসেন জানান, আলোর দিশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রাজ্জাক মাতুব্বরকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই সাকিব মাতুব্বর বাদী হয়ে গত ২৪ জানুয়ারি ভাঙ্গা থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার গভীর রাতে বামনকান্দা গ্রামে অভিযান চালায়। সেখান থেকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারিসহ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী সাকিব মাতুব্বর অভিযোগ করেন, তাঁর ভাইকে অত্যন্ত নির্মম ও বর্বরোচিতভাবে হত্যা করেছে আলোর দিশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক মিজানুর রহমান ও তাঁর সহযোগীরা। মামলার পর থেকে আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের ও পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। তিনি তাঁর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ.আই.এল/সকালবেলা