পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

মো. বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে পরকীয়ার অপবাদে স্ত্রী সাগরিকা বুলবুলকে (২৮) বর্বরোচিত ও অমানবিক নির্যাতনের পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুলের (৩৫) বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত ওই গৃহবধূ দীর্ঘক্ষণ যন্ত্রণায় ছটফট করার পর অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ঘাতক স্বামী শিমুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে ঘোড়ামারা গ্রামের শিমুলের বাড়িতে এক অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্বামী শিমুল। এ সময় ওই অজ্ঞাত ব্যক্তিটি কৌশলে ঘর থেকে পালিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরকীয়ার সন্দেহ ও অপবাদ দিয়ে শিমুল তাঁর স্ত্রী বুলবুলের ওপর মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করেন। বুলবুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বুলবুলের মৃত্যু হয়।

এদিকে নিহত বুলবুলের পরিবার পরকীয়ার অভিযোগটি পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। নিহতের স্বজনদের অভিযোগ, ঘাতক শিমুল মূলত একজন মাদকাসক্ত ব্যক্তি এবং সে দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে বুলবুলের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। যৌতুক না পেয়ে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর দায় এড়াতেই এখন পরকীয়ার নাটক সাজানো হচ্ছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, “খবর পাওয়ার পরপরই থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্ত স্বামী শিমুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক চৌকস টিম ইতিমধ্যেই মাঠে নেমেছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। এদিকে এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসী ঘাতক স্বামীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা