মানিকগঞ্জে সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা

মানিকগঞ্জে সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর তেওতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আল আমিন হোসেন ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে তেওতা সম্মিলিত কবরস্থান এলাকায় সন্ধ্যা হলে মাদক কেনাবেচা করে আসছিলেন। উঠতি বয়সের শিক্ষার্থীদের টার্গেট করে তিনি ইয়াবা ও গাঁজা বিক্রি করেন। এ নিয়ে সোমবার দুপুরে সাংবাদিক মারুফ হোসেন কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে মাদকের ভয়াবহতা নিয়ে ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট দেন। এতেই ক্ষিপ্ত হয়ে আল আমিন ওই পোস্টে অশালীন মন্তব্য করেন এবং পরে রাতে হামলা চালান।

রাত ১টার দিকে সাংবাদিক মারুফ যখন সপরিবারে ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ বাসার টিনের গেটে রড দিয়ে আঘাতের বিকট শব্দ শুনতে পান। তিনি দ্রুত ঘর থেকে বের হলে আল আমিনকে পালিয়ে যেতে দেখেন। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল আমিন খালি গায়ে হাতে রড নিয়ে মারুফের বাড়ির দিকে যাচ্ছেন।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। টহলে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, একজন সাংবাদিকের বাড়িতে মধ্যরাতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ইতিপূর্বেও তিনি বেশ কয়েকবার মাদকসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

এই ঘটনায় সাংবাদিক মারুফ হোসেনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল এবং সংবাদকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন