কটিয়াদীতে নিখোঁজের পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চার দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোক, আতঙ্ক ও রহস্যের ছায়া।
সোমবার (১৮ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত জিল্লুরের ব্যবসা প্রতিষ্ঠানের মেঝেতে রক্তাক্ত ও অর্ধগলিত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহত জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে কটিয়াদী পৌর সদরে বসবাস করছিলেন। কটিয়াদী বাজারে তিনি দীর্ঘদিন ধরে ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব’ পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি ‘অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস’ নামে একটি কারখানাও গড়ে তুলেছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার সকালে প্রতিদিনের মতো নাশতা করে বাসা থেকে বের হন জিল্লুর রহমান। দুপুরে পরিবারের সঙ্গে শেষবার মোবাইলে কথা হয় তাঁর। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। চার দিন ধরে উদ্বেগ, উৎকণ্ঠা ও নির্ঘুম অপেক্ষার পর আজ সোমবার সকালে স্বজনরা ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে ভেতরে তাঁর অর্ধগলিত লাশ দেখতে পান। নিহতের স্ত্রী অন্তরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শুক্রবার দুপুরে শেষ কথা হয়েছিল। তারপর আর কোনো যোগাযোগ পাইনি। অনেক খোঁজাখুঁজির পর স্বামীর এমন নির্মম পরিণতি দেখতে হবে কখনো ভাবিনি।”
কারখানার দুই কর্মী মদিনা ও শারমিন জানান, বৃহস্পতিবার তাঁরা সর্বশেষ কারখানায় কাজ করেন। এরপর আর তাঁদের কাজে ডাকা হয়নি। তাঁরা আরও জানান, সেখানে একজন চালকও (ড্রাইভার) কাজ করতেন। তবে ঘটনার পর থেকে সেই চালকেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যা এই হত্যাকাণ্ডের রহস্যকে আরও ঘনীভূত করেছে। নিহতের চাচাতো ভাই আব্দুল হাশিম বলেন, “জিল্লুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল বলে আমাদের জানা নেই। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
ঘটনার পর কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।” তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার থেকে আগে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। এ ঘটনায় কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ.আই.এল/সকালবেলা