দেড় মাসেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ
দেড় মাসেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

গাইবান্ধা প্রতিনিধি: দেড় মাস আগে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ১৬ বছরের স্কুলছাত্রী শেখ ফাহমিদা আক্তার ফিরিস্তী। সময় গড়ালেও মেলেনি কোনো খোঁজ; সে জীবিত না মৃত—তাও জানে না পরিবার। অপহরণের ঘটনায় মামলা হলেও অপহৃতকে উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় চরম হতাশা ও ক্ষোভে ভেঙে পড়েছেন তার স্বজনেরা।

নিখোঁজ ফাহমিদা গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামের বাসিন্দা এবং পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোবিন্দপুর বারিধারা গ্রামের মাহাবুর রহমানের ছেলে মো. লিখন মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ফাহমিদাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি লিখনের পরিবারকে জানানো হলেও কোনো ফল হয়নি। অভিযোগ রয়েছে, গত ২৮ মে সন্ধ্যায় ফাহমিদা নানাবাড়ি যাওয়ার পথে সুখানদিঘী-বাদিয়াখালী সড়কে পৌঁছালে লিখন ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অটোবাইকে তুলে নিয়ে যায়।

মেয়েকে না পেয়ে তার মা রুবি বেগম গত ৩০ মে গাইবান্ধা সদর থানায় লিখন মিয়াসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিপক্ষ ভয়ভীতি দেখানোর পাশাপাশি তাদের বিরুদ্ধে একটি পাল্টা মামলাও দায়ের করেছে।

কান্নাজড়িত কণ্ঠে মা রুবি বেগম বলেন, "আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। সে বেঁচে আছে না মারা গেছে, তাও জানি না। একজন মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে?"

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, "মেয়েটি কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় অবস্থান শনাক্তে কিছু জটিলতা হচ্ছে। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন