ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী গ্রামে পেঁয়াজের মাচা থেকে নিচে পড়ে সামিউল আলম (১০) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত সামিউল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং 'জিনিয়াস জো ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুল'-এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের স্বজন অ্যাডভোকেট মাসুদ আহমেদ জানান, সকালে ঘরের উঁচু পেঁয়াজের মাচায় উঠেছিল সামিউল। সেখানে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অস্মিতা দাস জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হয়ে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্কুলছাত্রের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারে চরম শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|