বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, থানায় মামলা

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, থানায় মামলা

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কলেজপড়ুয়া ও আইইএলটিএস (IELTS) সম্পন্ন করা এক ছাত্রকে সৌদি আরবে কফি শপে ভালো বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে সাপ্লাই ভিসা দিয়ে ৯ লাখ ৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আদম ব্যাপারীর এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছে ভুক্তভোগী মাহফুজুর হোসেনের পরিবার।

এ ঘটনায় আজ বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী প্রবাসীর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ (পূর্বপাড়া) গ্রামের আদম ব্যাপারী মোহাম্মদ স্বপন (৩৭) পার্শ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে এবং গজারিয়া কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র মো. মাহফুজুর হোসেনকে টার্গেট করে। ইংরেজি জানা থাকায় তাকে সৌদি আরবের কফি শপে থাকা-খাওয়াসহ ১৫শ রিয়াল বেতনে চাকুরির লোভ দেখানো হয়। এই প্রলোভনে পড়ে মাহফুজের পরিবার প্রথম ধাপে ৪ লাখ ২০ হাজার টাকা স্বপনের হাতে তুলে দেয়।

গত ১১ জানুয়ারি মাহফুজকে কফি শপের পরিবর্তে ৩ মাসের ‘ওয়্যারহাউজ ওয়ার্কার’ (Warehouse Worker) তথা লোড-আনলোড সাপ্লাই ভিসা দিয়ে রিয়াদে পাঠানো হয়। সেখানে এক বাঙালি দালালের মাধ্যমে তাকে ‘নিনজা’ নামের একটি কোম্পানিতে সাপ্লাইয়ের কাজে যোগ দিতে বলা হলে মাহফুজ তা প্রত্যাখ্যান করে।

সাপ্লাইয়ের কাজে যোগ না দেওয়ায় রিয়াদের দালাল চক্র মাহফুজকে রুমে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন (টর্চার) শুরু করে। খবর পেয়ে রিয়াদে থাকা তার এক চাচাতো ভাই তাকে উদ্ধার করে নিজের হেফাজতে নেন।

এদিকে গত ১৫ ফেব্রুয়ারি এই প্রতারণার বিষয়ে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এই লোড-আনলোড ভিসায় আকামা (অনুমতিপত্র) হয় না, তাই ৩ মাসের মধ্যে অন্যত্র বদলি হতে হবে। অন্য মালিকের কাছে বদলি হতে প্রয়োজনীয় খরচের অংশ হিসেবে দালাল স্বপন ৮২ হাজার ৫০০ টাকা দিতে রাজি হলেও দফায় দফায় ঘুরিয়ে মাত্র ৪০ হাজার টাকা প্রদান করে।

গত ১১ এপ্রিল ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদিতে সম্পূর্ণ অবৈধ হয়ে পড়েন মাহফুজ। সৌদি পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর, গত ২৪ মে বাধ্য হয়ে ২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা (৬,৫০০ রিয়াল) অতিরিক্ত খরচ করে ‘হাঙ্গার’ নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে যুক্ত হয়ে বৈধ হন তিনি।

দালালকে দেওয়া ৪ লাখ ২০ হাজার টাকা, দালালের চুক্তি অনুযায়ী গত ৫ মাসের বকেয়া বেতন ২ লাখ ৭০ হাজার টাকা এবং নতুন করে বৈধ হওয়ার খরচসহ সর্বমোট ৯ লাখ ৬ হাজার টাকা খুইয়ে কলেজছাত্র মাহফুজের পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব। ভুক্তভোগী পরিবারটি এই প্রতারণার সুষ্ঠু বিচার ও টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছে।

এআইএল/সকালবেলা