রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দোরোখিন সের্গেই (৪০) নামে এক রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত ‘এটোমটেক এনার্গো’ কোম্পানির নিজস্ব কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, মৃত দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এটোমটেক এনার্গো’তে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ স্বদেশে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন