বরিশালে লঞ্চ থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকা থেকে লঞ্চযোগে নিয়ে আসা সাড়ে ৯ কেজি গাঁজাসহ পারভীন বেগম সাথী (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বরিশাল নদীবন্দরে নোঙর করা ‘পারাবত-১৮’ লঞ্চে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত পারভীন বেগম সাথী বরিশাল সদর উপজেলার লাকুটিয়া এলাকার মৃত আদম আলী সরদারের মেয়ে। র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে, ঢাকা থেকে একটি বড় মাদকের চালান বরিশালে আসছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা নদীবন্দরে অবস্থান নেন। লঞ্চটি ঘাটে পৌঁছালে তৃতীয় তলার একটি কেবিনে তল্লাশি চালিয়ে পারভীন বেগমকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার নারী একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে নগরীর সাগরদী চান্দুর মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত গাঁজাসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।