শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর গ্রামে এক নির্মাণাধীন বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকালে বাবুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার সুমন হাওলাদারের বাড়িতে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ডাকাত দল প্রবেশ করে। সেসময় বাড়িতে থাকা সুমনের স্ত্রী রুমা আক্তার ও তার আট বছর বয়সী কন্যা সামিয়া আক্তারকে জিম্মি করে তারা।

ভুক্তভোগী রুমা আক্তার জানান, তার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। রাতে মেয়ের বাথরুমে যাওয়ার ডাকে ঘুম ভাঙলে তিনি ঘরে ডাকাত দেখতে পান। চিৎকার দেওয়ার চেষ্টা করতেই এক ডাকাত তার এবং তার ৮ বছরের মেয়েকে হত্যার হুমকি দিয়ে গলায় ধারালো ছুরি ধরে। পরে তারা চাবি ছিনিয়ে নিয়ে সিন্দুক থেকে নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে চম্পট দেয়।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সমাজসেবক ও নেতৃবৃন্দের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের বেপরোয়া বিচরণ এবং পুলিশি টহল কম থাকার সুযোগে চুরি-ডাকাতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এআইএল/সকালবেলা