আমতলীতে ১৯ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি
পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবিল বা কালিবাড়ী গ্রামে এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের আলমিরা ভেঙে ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে ৮-১০ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাতদল অবসরপ্রাপ্ত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা প্রথমে ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে।
এরপর ডাকাতদল ঘরের আলমিরা ভেঙে সবকিছু তছনছ করে ভেতরে থাকা ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
বাড়ীর মালিক ডা. আব্দুল মতি মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। তারা আলমারিতে থাকা ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করেছে। এই ঘটনায় আমরা থানায় ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
আজ মঙ্গলবার সকালে আমতলী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পাওয়া মাত্রই জড়িতদের গ্রেফতারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা