পিআইও কর্মচারীর বাসা থেকে ত্রাণের মালামাল উদ্ধার

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ
পিআইও কর্মচারীর বাসা থেকে ত্রাণের মালামাল উদ্ধার

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার সংলগ্ন দক্ষিণ শ্রীপুর এলাকার ওই কর্মচারীর বাসায় যৌথ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শ্রীপুরের ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সেনবাগ উপজেলায় বর্তমানে কর্মরত বাকেরের পরিবার বাস করত। অভিযানে তাঁর বাসা থেকে ১০ বস্তা ত্রাণ ও ৩ বস্তা শুকনা খাবারের প্যাকেট উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল এবং পর্যাপ্ত পরিমাণে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতেই এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত ত্রাণ সামগ্রীগুলো মূলত ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ জানান, জব্দ মালামালগুলো বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে জড়িত কর্মচারীর বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন