রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা
রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে সংবাদ সম্মেলনে বাজেট পেশ করছেন প্রশাসক (ফাইল ছবি)

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বাসিন্দাদের ওপর কোনো নতুন করের বোঝা না চাপিয়ে এবং বিদ্যমান কর বৃদ্ধি ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে এই ঘাটতিহীন বাজেট ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক বলেন, "নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সাথে ব্যয়ের সংগতি রাখা হয়েছে।" তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮০৬ কোটি ৬১ লক্ষ ২১ হাজার ২১১ টাকা, যা সংশোধিত বাজেটে ৯৩৪ কোটি ৫২ লক্ষ ৮০ thousand৪২৩ টাকায় দাঁড়িয়েছিল। সেই তুলনায় এবার বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাজেট বক্তৃতায় রাসিক প্রশাসক তাঁর দায়িত্বকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নগরীর আধুনিকায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা তুলে ধরেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণ ও জনদুর্ভোগ লাঘবে রাসিক অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি এই বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গুরুত্বপূর্ণ নাগরিক ও স্বাস্থ্যসেবা: নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সিটি হাসপাতালের আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে সেবা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে বাজেটে। জরুরি সেবার জন্য ৪টি নতুন অ্যাম্বুলেন্স এবং মরদেহ পরিবহনে ২টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে। এছাড়া মৃত্যু পরবর্তী দাফন ও সৎকারের জন্য রাসিকের পক্ষ থেকে ইমাম ও পুরোহিত নিয়োগের পাশাপাশি বাস টার্মিনাল ও রেল স্টেশনে বিশুদ্ধ পানি ও আধুনিক শৌচাগার নির্মাণ করা হবে। বিনোদন কেন্দ্রগুলোতে প্রবীণ নাগরিকদের জন্য প্রবেশমূল্যে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

রাজস্বে বিশেষ ছাড় ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা: রাসিকের নিজস্ব তহবিল মজবুত করার লক্ষ্যে নতুন আয়ের খাত সৃষ্টির পাশাপাশি করদাতাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ৯০ শতাংশ মওকুফ করা হয়েছে। এছাড়া হাল ও বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটোরিকশার লাইসেন্স ফির সারচার্জের ওপর ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পরিবেশ সুরক্ষায় ছাদবাগানকে উৎসাহিত করতে ছাদবাগান মালিকদের হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

পরিচ্ছন্নতা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা: পরিচ্ছন্ন বিভাগকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে প্রশাসক জানান, বর্জ্য থেকে সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি ৫ বছর মেয়াদী মেগা প্রকল্প সরকারের সবুজ পাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সকল প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদা মাটি অপসারণ করা হবে এবং মশক নিধনে নতুন ফগিং মেশিন কেনা হবে।

অবকাঠামো ও মেগা প্রজেক্ট: প্রকৌশল বিভাগের উন্নয়ন তুলে ধরে জানানো হয়, সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৫টি ফ্লাইওভারের মধ্যে হড়গ্রাম, বিলসিমলা ও বন্ধগেট রেলক্রসিংয়ের ৩টি ফ্লাইওভারের কাজ আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে। এছাড়া ফ্লাইওভারের পাশাপাশি কুমারপাড়া সড়ক প্রশস্তকরণ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও আলিফ লাম মীম ভাটা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ৪ লেনের সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প সবুজপাতাভুক্ত হয়েছে।

স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা: শহরের সার্বিক নিরাপত্তার জন্য ১৫৫টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, সোনাদীঘি মসজিদ সম্প্রসারণ, এবং কোর্ট মোড়সহ ৩টি গুরুত্বপূর্ণ স্থানে সুউচ্চ হাইমাস্ট লাইট পোল বসানোর পরিকল্পনা স্বল্পমেয়াদে বাস্তবায়ন হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে বর্ধিত উত্তর এলাকায় বিশ্বমানের ২০০০ শয্যাবিশিষ্ট হার্ট ও কিডনি বিশেষায়িত হাসপাতাল স্থাপন, দুটি নতুন সরকারি স্কুল প্রতিষ্ঠা, ৮০০ থেকে ১২০০ একর জুড়ে বায়োডাইভারসিটি পার্ক ও রিসার্চ সেন্টার নির্মাণ এবং রেশম বোর্ড ও সুগার মিলের মতো অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে সচল করে বেকারত্ব দূরীকরণ।

ডিজিটালাইজেশন ও কর্মসংস্থান: রাসিকের পুরো কার্যক্রম অটোমেশন ও অনলাইন পেমেন্ট সিস্টেমের আওতায় আনা হচ্ছে। নগর ভবনে ওয়ান-স্টপ সার্ভিস এবং হেল্পলাইন (১৬১০৫) চালু করা হয়েছে। এছাড়া তরুণদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা দিতে আইটি সেন্টার স্থাপন এবং জাপানি প্রতিনিধিদের সহায়তায় দক্ষ কর্মী তৈরি করে সরাসরি জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ঘোষণা দেওয়া হয়। পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাসিক আগামী এক বছরে ২ লক্ষ ৫০ হাজার চারা রোপণ করবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরসহ রাসিকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বশীল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

মন্তব্য করুন