ফেনীতে বোর্ড অফিস নির্মাণের দাবিতে বিক্ষোভ
ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণ এবং অন্য স্থানে প্রস্তাবিত ভবনের টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ জুন) দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচির শুরুতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাকিস্তান বাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব হারুন মাস্টার, মিজি মন্নান, এম এ খালেক এবং সাবেক মেম্বার কাশেমসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ২নং রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। এই স্থানে ভবন হলে ইউনিয়নের মাত্র কয়েকটি ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে চরম ভোগান্তির শিকার হতে হবে।
জনসাধারণের সমান সুবিধা নিশ্চিত করতে বক্তারা চাঁদ মিয়ার বাজার থেকে কোরাইশমুন্সী বাজার সংলগ্ন ইউনিয়নের মধ্যবর্তী কোনো স্থানে বোর্ড অফিস নির্মাণের দাবি জানান। একই সঙ্গে বর্তমান প্রস্তাবিত স্থানের টেন্ডারটি দ্রুত বাতিল করে নতুন করে উপযুক্ত স্থানে ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সমাবেশ শেষে আন্দোলনকারীরা দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এআইএল/সকালবেলা