মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত

রাসেল শেখ, মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক পিকআপের হেলপার (সহকারী) মর্মান্তিক নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড় সাতটার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট এলাকার ‘সেবা গ্রীন ফিলিং স্টেশন’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

হাইওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে খুলনাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) এবং বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি পিকআপের (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) মধ্যে দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা হেলপার মাসুদ রানা গুরুতর আহত ও কেবিনে আটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পিকআপ ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশকে বিষয়টি অবিহিত করা হয়েছে এবং নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এআইএল/সকালবেলা