আশুগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
আশুগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি   গ্রেপ্তার

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ মে) ভোরে ও সকালে পরিচালিত এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইলাক্স ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় রহমত আলী সুজন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ভোর পৌনে ৫টার দিকে দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় একটি হাইলাক্স গাড়ি থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও আরোহীরা পালিয়ে যায়। দ্বিতীয় অভিযানে সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সাদা প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ চালক সুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা।

আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা