জগন্নাথপুরে রাস্তার বেহাল দশা: জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
জগন্নাথপুরে রাস্তার বেহাল দশা: জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ দাবি

মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: "বর্ষা মৌসুমে চরম কাদার জন্য ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা ও পানি জমে একাকার হয়, যা দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ ২ থেকে ৩ শতাধিক মানুষকে দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হয়।"

অভিযোগটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শ্রীধরপাশা গ্রামের নোয়াপাড়া রাস্তার চিত্র নিয়ে। নির্বাচনের সময় মেম্বার বা রাজনৈতিক নেতারা নানা আশ্বাস নিয়ে দরজায় কড়া নাড়লেও নির্বাচন পার হলেই আর কারো দেখা মেলে না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সরেজমিনে নোয়াপাড়া রাস্তায় গিয়ে জানা গেছে, উপযুক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। গ্রামবাসীর দুর্ভোগ দেখে কিছুদিন আগে শ্রীধরপাশা গ্রামের জাবেদ কোরেশীর ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী হামজা কোরেশীর ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি কিছুটা সংস্কার ও উঁচু করা হয়। তবে সরকারিভাবে এটি পাকা না করায় সামান্য বৃষ্টিতেই কাদা ও নোংরা পানি জমে পথচলা দুষ্কর হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী মাস্টার আমির হামজা আক্ষেপ করে বলেন, "আমরা জন্মলগ্ন থেকেই এই এলাকায় বসবাস করছি। আজও এই অবহেলিত রাস্তার কোনো স্থায়ী সমাধান হলো না। নির্বাচনের সময় প্রার্থীরা ঘরে এসে প্রতিশ্রুতি দিয়ে যান, অথচ নির্বাচনের পর তাঁদের সঙ্গে দেখা করাই কঠিন হয়ে পড়ে।"

জাহানারা বেগম নামের এক বাসিন্দা জানান, "বর্তমান সংসদ সদস্য উন্নয়ন করছেন বলে শুনছি। এলাকার নেতাদের জানালে তাঁরা বলেন রাস্তাটি নাকি এমপির উন্নয়ন তালিকায় আছে। কিন্তু বাস্তবে এখনো কাজ শুরু হয়নি।"

পথচারী সানজিদ হোসেন বলেন, "এই রাস্তা দিয়ে কেবল শ্রীধরপাশা নয়, পাশাপাশি শান্তিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের মানুষসহ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। অবহেলিত এই সড়কটি দ্রুত পাকাকরণের জন্য আমরা সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।"

এআইএল/সকালবেলা