নওগাঁয় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি মাটির ঘরে রাতভর অভিযান চালিয়ে ৯০ কেজি ওজনের বিপুল পরিমাণ শুকনা গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
আজ সোমবার (৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বসতবাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় বিষয়টি তদন্ত করতে গিয়ে গতকাল রোববার (৭ জুন) রাতে হামেদুল ইসলাম নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে নিয়ামতপুর থানা-পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে সে ট্রান্সফরমার চুরির চেয়েও বড় অপরাধ অর্থাৎ তার বাড়িটি মাদকের গোডাউন হিসেবে ব্যবহারের কথা স্বীকার করে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সরাসরি দিকনির্দেশনায় অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি বিশেষ টিম আজ সোমবার রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত তুলার বাঐল গ্রামের ওই বাড়িতে দীর্ঘ ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর চমৎকার প্যাকেটে মোড়ানো ৯০ কেজি শুকনা গাঁজাসহ বাড়ির মালিক মোঃ হামেদুল ইসলাম (৩৫) ও তার সহযোগী মোঃ রশিদকে (৪৪) হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পুলিশ সুপার নিজে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে কখনো ট্রাকে আবার কখনো হাইস (Hiace) মাইক্রোবাসে করে এই মাদকের বড় বড় চালান নিয়ে আসা হতো। হামেদুলের দোতলা মাটির ভবনটিকে তারা মূলত মাদকের প্রধান ডাম্পিং স্টেশন বা নিরাপদ গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিল। এখান থেকে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন সিন্ডিকেটের কাছে পাইকারি ও খুচরা গাঁজা সরবরাহ করা হতো। গাঁজা মজুদের জন্য প্রতি ৩০ কেজিতে বাড়ির মালিক হামেদুল ৫ হাজার টাকা করে পেত।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এই বিপুল পরিমাণ মাদকের সাথে সীমান্ত ও স্থানীয় পর্যায়ের আরও কারা জড়িত, তা বের করতে গভীর তদন্ত চলছে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|