ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

ফরিদপুর ব্যুরো: ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের ময়লার স্তূপ থেকে এক সদ্যভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের আগে একদল ক্ষুধার্ত কুকুর মরদেহটি নিয়ে টানাটানি করছিল বলে জানা গেছে।

গতকাল সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে কলেজের মূল ফটকের পাশে জমে থাকা ময়লার স্তূপে একদল কুকুর একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। বিষয়টি দেখে উপস্থিত পথচারী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা কাছে গিয়ে দেখতে পান, কুকুরগুলো একটি মৃত নবজাতককে কামড়ে খাওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে তাঁরা ধাওয়া দিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ কল করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়। এই অমানবিক ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোকচক্ষুর আড়ালে কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে মৃত সন্তানটি ময়লার স্তূপে ফেলে গেছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে নবজাতকের মরদেহটি দাফন করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন