মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে ভোলা সওদাগর বাড়ির সামনে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ওই বাড়ির প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। ব্যাগটি নড়াচড়া করতে দেখে এবং ভেতর থেকে কান্নার শব্দ শুনে তারা কাছে এগিয়ে যান। ব্যাগটি খুলতেই সদ্য জন্ম নেওয়া মুমূর্ষু এক কন্যাশিশুকে দেখতে পান তারা। উদ্ধারের সময় শিশুটির নাড়িও কাঁচা ছিল বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক জানান, সকাল ১১টার দিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কে বা কারা নবজাতকটিকে এভাবে নিষ্ঠুরভাবে ফেলে রেখে গেছে, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন