উদ্ধার নবজাতককে দত্তক নিতে প্রত্যাশীদের ভিড়
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বসতবাড়ির সিঁড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২-৩ দিন বয়সী শিশুটিকে উদ্ধারের পর দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।
গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের ‘মাদারী বাড়িতে’ এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের কোনো এক সময় অজ্ঞাত পরিচয় কেউ বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনতে পান। সিঁড়িতে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখে তাঁরা দ্রুত তাকে কোলে তুলে নেন এবং প্রাথমিক পরিচর্যা করেন।
এদিকে প্রত্যন্ত গ্রামে ফুটফুটে এক নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে। শিশুটিকে একনজর দেখতে এবং অনেকেই তাকে লালন-পালনের তীব্র আগ্রহ প্রকাশ করায় বাড়িতে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, নবজাতকটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছে। শিশুটির পরিচয় শনাক্তকরণ, চিকিৎসা ও আইনি অভিভাবকত্ব (দত্তক) প্রদানের বিষয়ে একটি বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। প্রকৃত পরিবারের সন্ধান না পাওয়া গেলে প্রচলিত নীতিমালা অনুযায়ী যোগ্য দম্পতির কাছে তাকে দত্তক দেওয়া হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নবজাতকটি এখন সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন। কেউ আইনগতভাবে শিশুটিকে দত্তক নিতে চাইলে তাকে অবশ্যই সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।"
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, শিশুটির সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বোর্ড সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা