চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আফতাব জয় গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফতাব মজুমদার জয় এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ জানান, চান্দগাঁও থানায় এক নারী শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলার সুনির্দিষ্ট অভিযোগে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার বিবরণী ও এজাহার সূত্রে জানা যায়, নগরীর আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক নারী শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় আফতাবের। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে আফতাব ওই শিক্ষার্থীকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার একটি আবসিক হোটেলের কক্ষে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিয়ের তাগিদ দিলে আফতাব বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ওই শিক্ষার্থীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর খোঁজ নিয়ে ভুক্তভোগী জানতে পারেন যে অভিযুক্ত আফতাব আগে থেকেই বিবাহিত এবং তাঁর একটি সন্তানও রয়েছে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ১৯ ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আফতাবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে এনসিপি ও যুবশক্তির চট্টগ্রাম নগরীর দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে দলটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
|