কটিয়াদীতে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
কটিয়াদীতে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। কটিয়াদী নজরুল একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য সৃষ্টিতে অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে বার্তা রয়েছে, তা সমাজে মানবিক মূল্যবোধ ও সাম্যের চেতনা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই কটিয়াদীতে নজরুল বর্ষের বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সূচনা হলো।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন