সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক, কুইজ ও কাবিং) অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ রোববার (৭ জুন) দিনব্যাপী জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

আজ সকালে সিরাজগঞ্জ জেলা শহরের আমলাপাড়ায় অবস্থিত গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতার মূল আসর বসে। এতে জেলার বিভিন্ন উপজেলা পর্যায় থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসা খুদে শিক্ষার্থীরা অংশ নেয়। বালক ও বালিকা—উভয় বিভাগে ২১টি করে মোট ৪২টি ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা তাদের প্রতিভা প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খুদে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে মেতে ওঠে। পুরো অনুষ্ঠানটির চমৎকার উপস্থাপনা ও ধারাবর্ণনা করেন কাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কারিম মির্জা।

প্রতিযোগিতা শেষে গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে আমলাপাড়া পৌর ঈদগাহ মাঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম। এছাড়া সহকারী শিক্ষক শহিদুজ্জামান পলাশ, আরিফ হোসেন, সোহেল রানাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছে, তারা আগামী ৯ জুন (২০২৬) বিভাগীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করবে। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতাটি রাজশাহী পিটিআইতে (PTI) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এআইএল/সকালবেলা