বিরলে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে জাতীয় মৎস্য পক্ষ সাড়ম্বরে উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রোববার (১৬ আগস্ট) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি বলেন, "মৎস্য খাতের উন্নয়ন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশকে মাছ চাষে আরও স্বনির্ভর করতে সরকারের পাশাপাশি মৎস্য চাষি ও সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল এমরান, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা। বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ জালের ব্যবহার বন্ধ ও বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষের ওপর জোর দেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|