মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর দুই বছরের কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান মা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএম) গেট এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা: তারিন (২৮) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর স্বামী জাকারিয়া নয়ন ও শিশুসন্তানকে নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী গলফ ক্লাব এলাকায় বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘোরাঘুরি শেষে রাতে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার বাসায় ফিরছিলেন তাঁরা। পথে ভাটিয়ারী বিএম গেট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি তীব্র ঝাঁকুনিতে মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায় শিশুটি। চোখের সামনে সন্তানকে আছড়ে পড়তে দেখে চলন্ত মোটরসাইকেল থেকেই তাৎক্ষণিক মহাসড়কে লাফিয়ে পড়েন মা তারিন। এই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকাহত স্বামী জাকারিয়া নয়ন অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই মহাসড়কে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অজ্ঞাত কেউ তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি চুরি করে নিয়ে গেছে। ওই ব্যাগটিতে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দাপ্তরিক কাগজপত্র ছিল।

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ঘাতক কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি, তবে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।