রাজৈরে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত যুবকের নাম মারুফ মাতুব্বর (১৯)। তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হায়দার মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে মারুফ বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে না ফেরায় পরিবার ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরদিন বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে পরিবার খবর পায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকান্দা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের শরীফ বাড়ির কুয়েত প্রবাসী কামরুল শরীফের ঘরের ভেতর মারুফের মরদেহ পড়ে রয়েছে।
সংবাদ পেয়ে নিহতের বাবা স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, মারুফের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল এবং ঘটনার সময় ওই তরুণীও প্রবাসী কামরুল শরীফের বাড়িতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রাজৈর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এআইএল/সকালবেলা
|