ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের ভাইয়েরা প্রবাসে থাকেন এবং তিনি দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। গত শুক্রবার রাতে তাদের বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই উৎসবের রাত থেকেই হঠাৎ নিখোঁজ হন তিনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ রোববার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে বেগমগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো কারণে ডোবার পানিতে পড়ে তিনি আর উঠতে পারেননি। দুই দিন পানিতে থাকায় মরদেহটি ফুলে গেছে।”
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এটিই নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এআইএল/সকালবেলা
|