উল্লাপাড়ায় নিখোঁজের পর বৃদ্ধার লাশ উদ্ধার
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে পার্শ্ববর্তী শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদী থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার নাম মায়া রানী (১০০)। তিনি উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টপদ শীলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন (মঙ্গলবার) মায়া রানী শীল বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর তীব্র স্রোতে পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল নদীতে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান পরিচালনা করলেও ওই দিন তাঁর সন্ধান মেলাতে পারেনি।
অবশেষে নিখোঁজের দুই দিন পর আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে একটি লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি শাহজাদপুর থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে।
নিহতের পুত্র নবশীল মায়ের লাশ শনাক্ত করে জানান, তাঁর মা গত মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হয়েছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ সকালে গাঁড়াদহ শ্মশানঘাট এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) আজিজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা