সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও রুবেলাজনিত উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন রোগী।
শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হলো— মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আবুল কালামের পাঁচ মাস বয়সী ছেলে আল সাইফ এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার আবুল হোসেনের আট মাস বয়সী মেয়ে রাফা আক্তার।
বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী ভর্তি আছেন বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।
হঠাৎ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা। স্বাস্থ্য বিভাগ থেকে শিশুদের দ্রুত টিকা দেওয়া এবং হামের লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।