নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী কাভার্ডভ্যানের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক লজিং মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিএনজিতে থাকা এক নারী ও দুই শিশুসহ আরও অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের মান্নাননগর কোম্পানীঘাট নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ আল মাসুম নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাউচারের ছেলে। সে সদর উপজেলার উত্তর ওয়াপদা এলাকার ঐতিহ্যবাহী ‘জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসা’র সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম দুপুরে গ্রামের বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে বিকেলের শিফটে ক্লাস ধরার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদরাসার দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে সিএনজিটি সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।
মুখোমুখি এই প্রচণ্ড সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা এক নারী ও দুই শিশুসহ মোট ৬ জন আরোহী রক্তাক্ত জখম হন। ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর সুযোগ বুঝে ঘাতক কাভার্ডভ্যান চালক দ্রুত পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে আটক করে নিজেদের জিম্মায় রেখেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ও ব্যবস্থা গ্রহণ করব।”
এআইএল/সকালবেলা
|