গাজীপুরে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, চক্র আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ণ
গাজীপুরে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, চক্র আটক

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে প্রেমের অভিনয়ে ফাঁদে ফেলে (হানিট্র্যাপ) যুবকদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পরে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার আকন্দর টেক্সটাইল মিলস সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি ওই এলাকায় সুপরিকল্পিতভাবে এই অপকর্ম চালিয়ে আসছিল। চক্রের নারী সদস্যরা প্রথমে মোবাইল বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। সম্পর্ক কিছুটা গভীর হলে কৌশলে নির্দিষ্ট ওই বাসায় তাদের ডেকে আনা হতো।

ভুক্তভোগী যুবকেরা সরল বিশ্বাসে সেখানে পৌঁছানো মাত্রই চক্রের পুরুষ সদস্যরা অতর্কিতভাবে ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করত। এরপর জোরপূর্বক নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে বা পরিবারের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শুরু হতো মানসিক ও শারীরিক নির্যাতন। সম্মানহানির ভয়ে ভুক্তভোগীরা বাধ্য হয়ে মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) বা নগদে মোটা অঙ্কের টাকা তুলে দিতেন।

সর্বশেষ এক যুবককে একইভাবে ফাঁদে ফেলে টাকা আদায়ের চেষ্টা করে চক্রটি। এ সময় ওই যুবকের চিৎকারে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা ওই বাসাটি ঘেরাও করে নারী ও পুরুষসহ চক্রের কয়েকজন সদস্যকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এলাকায় এ ধরনের আরও কোনো চক্র সক্রিয় আছে কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন