কারাগারে অসুস্থ আ: লীগ নেতার মৃত্যু
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে এস এম জিয়াউল হক জিয়া নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জিয়াউল হক জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি দিগপাইত ডি কে উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
কারাগার কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে কারাগারে উন্নত মানের খাবারের আয়োজন ছিল। দুপুর ১টার দিকে খাবার খাওয়ার পর জিয়াউল হক অসুস্থবোধ করেন। জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম জানান, হঠাৎ তাঁর রক্তচাপ অস্বাভাবিক হয়ে পড়লে এবং শরীরে রক্ত সঞ্চালন বেড়ে গেলে বেলা ২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও জেল প্রশাসন জানায়, দিগপাইত ডি কে উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৫ জানুয়ারি থেকে তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারাগারের সহকারী সার্জন শামীম রেজা জানান, প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার লক্ষণ দেখা গিয়েছিল।
এ.আই.এল/সকালবেলা