শাইখ সিরাজকে সাংবাদিক মিলনের লিগ্যাল নোটিশ
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিক ও বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি এম মশিউর রহমান মিলনের একটি মৌলিক ভিডিও প্রতিবেদনে ভিত্তিহীন কপিরাইট স্ট্রাইক দেওয়ার অভিযোগে চ্যানেল আই-এর প্রকাশক শাইখ সিরাজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সাংবাদিক মিলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান।
নোটিশের বর্ণনা অনুযায়ী, দৈনিক খবরের কাগজ ও একাত্তর টিভির বাউফল প্রতিনিধি জি এম মশিউর রহমান মিলন গত ২৬ জুলাই ২০২৬ তারিখে 'চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতে ধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার' শিরোনামে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন সরাসরি প্রচার করেন। নিজের উপস্থিতিতে ধারণ করা ভিডিওটি ইতিবাচক সাড়া ফেলে বিপুল জনপ্রিয়তা লাভ করে।
নোটিশে অভিযোগ করা হয়, গত ৮ আগস্ট ২০২৬ তারিখে চ্যানেল আই কর্তৃপক্ষ ফেসবুকের 'রাইটস ম্যানেজার' ব্যবহার করে ভিডিওটির অর্ধেকেরও বেশি অংশের (৩৩ সেকেন্ড থেকে ৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত) ওপর কপিরাইট দাবি করে। এই দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি বিশ্বজুড়ে স্থগিত (ব্লক) করে দেয়। কোনো যাচাই-বাছাই ছাড়া সাংবাদিক মিলনের নিজ হাতে তৈরি প্রতিবেদনের ওপর এমন দাবিকে চরম দায়িত্বহীনতা উল্লেখ করে নোটিশে বলা হয়, এতে ওই সাংবাদিকের পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক ক্ষতি হয়েছে।
নোটিশে আগামী ৭ দিনের মধ্যে চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি তিনটি প্রধান শর্ত জুড়ে দেওয়া হয়েছে: অবিলম্বে ওই অবাস্তব কপিরাইট দাবি প্রত্যাহার করে ভিডিওটি সচল করতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মানহানির জন্য লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে। পেশাগত ক্ষতিপূরণ বাবদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা প্রদান করতে হবে।
নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দিলে এবং দাবি না মানলে সংশ্লিষ্ট কপিরাইট আইন, সাইবার নিরাপত্তা আইন ও মানহানি আইনে উপযুক্ত আদালতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|