বর্তমান সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে: আইনমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
বর্তমান সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার জনকল্যাণমুখী ও জনবান্ধব বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অতীতের বাজেট প্রতিক্রিয়ার তুলনা টেনে তিনি বলেন, ‘আগে আমরা দেখেছি বাজেট ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের স্লোগান হতো— গরিব মারার বাজেট মানি না। আর এখন বাজেট ঘোষণার পরে মিছিল হচ্ছে, সিগারেটের দাম বাড়ল কেন, মদের দাম বাড়ল কেন?’

আজ বুধবার (১৭ জুন) সকালে ঝিনাইদহে একটি আধুনিক কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আধুনিক কসাইখানার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় থাকে। ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি মাইলফলক। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মাদক নির্মূলে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘মাদকের বিস্তার রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যদি মাদক নির্মূলে প্রশাসন সঠিকভাবে কাজ না করে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। বাকি ব্যবস্থা আমরা দেখব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

পৌরসভা সূত্র জানায়, সম্পূর্ণ আধুনিক এই কসাইখানাটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।

মন্তব্য করুন