নওগাঁর মহাদেবপুরে ভূমিসেবা মেলা ২০২৬ শুরু, হয়রানিমুক্ত সেবার তাগিদ

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
নওগাঁর মহাদেবপুরে ভূমিসেবা মেলা ২০২৬ শুরু, হয়রানিমুক্ত সেবার তাগিদ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশেষ ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একসময় ভূমি অফিস মানেই সাধারণ মানুষের মনে নানা আতঙ্ক ও হয়রানির ভয় কাজ করত। মধ্যস্বত্বভোগী ও দালালের দৌরাত্ম্যে সাধারণ মানুষকে অতিষ্ঠ হতে হতো। তবে বর্তমান সরকারের যুগান্তকারী ডিজিটাল উদ্যোগের ফলে সেই চিত্র এখন সম্পূর্ণ বদলে গেছে। নাগরিকেরা এখন ঘরে বসেই সহজে ই-নামজারি ও অনলাইন খাজনা পরিশোধ করতে পারছেন। ভূমি অফিসকে সম্পূর্ণ দালালামুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই প্রশাসনের মূল লক্ষ্য।

ভূমি মন্ত্রণালয়ের সার্বিক উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ২১ মে পর্যন্ত একটানা চলবে। সাধারণ জনগণকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং হয়রানিমুক্ত সেবা সরাসরি নিশ্চিত করাই মেলার মূল উদ্দেশ্য। মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড়। মেলা থেকে সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণের চেক বিতরণ কার্যক্রমও মেলা থেকে পরিচালিত হচ্ছে। কোনো ভোগান্তি ও দালালের ঝামেলা ছাড়াই সরাসরি এমন সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সেবাগ্রহীতারা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।