জামালপুরে পৃথক ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
জামালপুরে পৃথক ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ পৃথক ৬টি মামলার রায়ে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, সদর থানার মামলায় অপহরণ ও ধর্ষণের দায়ে ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বকশীগঞ্জ থানার অপহরণ ও ধর্ষণের মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলায় সাজমুলকে ও বকশীগঞ্জের ঘটনায় মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অন্য একটি মামলায় আজি রহমানকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬ জন আসামির মধ্যে ২ জন বর্তমানে পলাতক রয়েছেন।

এআইএল/সকালবেলা