ঘোড়াঘাটে শহীদ মিনার-স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার উপ-স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন শহীদ মিনারটি এখন অবহেলা আর ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। ভাষার মাস কিংবা বিজয়ের মাসে যে বেদিতে শ্রদ্ধার ফুল অর্পণ করা হয়, বছরের বাকি সময় সেটিই যেন ময়লা ফেলার ডাস্টবিনে রূপান্তরিত হচ্ছে। এতে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের ঠিক সামনে ও পাশে স্থানীয় বিভিন্ন বাসা-বাড়ি এবং সংলগ্ন বাজারের দোকানদাররা প্রতিনিয়ত সমস্ত বর্জ্য ফেলছেন। সুনির্দিষ্ট কোনো ডাম্পিং জোন না থাকায় দেদার এই পবিত্র জায়গার পরিবেশ নষ্ট করা হচ্ছে। আবর্জনার স্তূপ বড় হতে থাকায় চারপাশের বাতাস যেমন দূষিত হচ্ছে, তেমনি উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাজারের প্রধান রাস্তাটির বেহাল দশা ও অপরিচ্ছন্নতা পুরো এলাকার সৌন্দর্য ও পরিবেশ বিপন্ন করে তুলেছে।
এ বিষয়ে বাজারের ইজারাদার ক্ষোভ প্রকাশ করে জানান, এখানে তাঁদের কিছুই করার নেই। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্ত দায়িত্ব মূলত পৌরসভার। কিন্তু পৌরসভার পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান বজায় রাখতে এবং এলাকার পরিবেশ রক্ষার্থে দ্রুত এই স্থানটি পরিষ্কারের দাবি জানিয়েছেন ঘোড়াঘাটবাসী।
এমন পরিস্থিতিতে শহীদ মিনারের আশপাশে ময়লা ফেলা বন্ধ এবং স্থায়ী সমাধানের জন্য ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল কাউসার শেখ এবং পৌর প্রশাসকের জরুরি ও সুনির্দিষ্ট দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও সুশীল সমাজ।
এ.আই.এল/সকালবেলা