বন্ধুর বিয়েতে এসে লাশ হলেন কুয়েত প্রবাসী

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
বন্ধুর বিয়েতে এসে লাশ হলেন কুয়েত প্রবাসী

সাঈদ পান্থ, বরিশাল: বাল্যবন্ধুর বিয়ের আনন্দ উৎসবে যোগ দিতে মাত্র ১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন সোহেল ফকির (২৪)। কিন্তু এক বেপরোয়া বাসের ধাক্কায় সেই আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো। চিরতরে নিভে গেল এক প্রবাসী যুবকের জীবনপ্রদীপ।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা নামক এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত কুয়েত প্রবাসী সোহেল ফকির খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে। নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানান, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ও সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের গত ১৯ জুন বিয়ে সম্পন্ন হয়েছে। বন্ধুর এই বিশেষ দিনটিতে পাশে থাকতে ও বিয়েতে আনন্দ করতে গত ১০ দিন আগে কুয়েত থেকে ছুটিতে দেশে এসেছিলেন সোহেল। এছাড়া মাত্র দেড় বছর আগে দেশে এসে সোহেল নিজেও বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পান্নু মৃধা আরও জানান, আজ মঙ্গলবার দুপুর একটার দিকে সোহেল নিজের মোটরসাইকেলটি পার্কিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ‘তাজবি পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোহেলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এই রেমিট্যান্স যোদ্ধা।

মুহূর্তের মধ্যে সোহেল ফকিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নববিবাহিত বন্ধুর বাড়িসহ পুরো গ্রামে আনন্দের পরিবেশ বিষাদে রূপ নেয় এবং শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানান, “খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মহাসড়কের গোপালপুর এলাকায় ব্যারিকেড দিয়ে ‘তাজবি পরিবহন’ নামের বাসটিকে আটক করা সম্ভব হয়েছে। নিহত প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন