স্ত্রীর পরকীয়া বিবাহ, দেশে ফিরে প্রবাসীর আত্মহত্যা
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজের স্ত্রীর পালিয়ে বিয়ে করার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর দূর সম্পর্কের ভাগনেকে স্ত্রী বিয়ে করার পর দেশে ফিরে মাত্র ১০ দিনের মাথায় তিনি আত্মহননের পথ বেছে নেন।
নিহত আনোয়ার উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী বেপারী বাড়ির মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার প্রায় নয় বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন। সেখানে তিনি দুম্বা পালনের কাজ করতেন। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জিত সব টাকা তিনি স্ত্রী আকলিমা আক্তারের (৩৪) কাছে পাঠাতেন। সেই অর্থ দিয়ে স্ত্রী তাঁর নামে জমিও কেনেন।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ছয় মাস আগে দুই সন্তানের জননী আকলিমা আক্তার স্বামীর দূর সম্পর্কের এক ভাগনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ঘরের স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাড়ি ছেড়ে চলে যান এবং ওই যুবককে বিয়ে করেন। কাকতালীয়ভাবে ওই যুবকের নামও আনোয়ার।
এই খবর শুনে প্রায় ৯-১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন প্রবাসী আনোয়ার। দেশে ফিরে তিনি অবুঝ দুই ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু আকলিমা তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
নিহতের স্বজনদের দাবি, গত শনিবার আকলিমা তাঁর প্রবাসী স্বামীর কাছে আইনি তালাকের নোটিশ পাঠান। এরপরই আনোয়ার মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন এবং তীব্র অভিমান ও ক্ষোভ থেকে আজ সকালে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। নিহতের পরিবারের সদস্যরা এই মৃত্যুর জন্য আকলিমাকে দায়ী করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এআইএল/সকালবেলা
|