কুষ্টিয়া সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার বিজিবির

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ
কুষ্টিয়া সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার বিজিবির
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মদ ও অবৈধ ওষুধের চালান (ছবি: সংগৃহীত)।

কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুর উপজেলার পাকুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধের চালান দেশে প্রবেশ করছে—এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার সংলগ্ন পাকুড়িয়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদক ও অবৈধ ওষুধের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন