কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকীতে কটিয়াদীতে আলোচনা সভা ও দোয়া

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকীতে কটিয়াদীতে আলোচনা সভা ও দোয়া
কটিয়াদী নজরুল একাডেমিতে জাতীয় কবির ৫০তম প্রয়াণবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাত ৮টায় কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কটিয়াদী নজরুল একাডেমির সহসভাপতি মো. সাজেদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আবদুর রউফ খোকন, সহসভাপতি মধুসূদন সাহা, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আব্দুল মান্নান (স্বপন), শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল শাহীন, দপ্তর সম্পাদক শামসুউদ্দিন এবং সহসভাপতি রতন কুমার সাহা। এ ছাড়া কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব ও একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক মাইনুল ইসলাম মেনু, নির্বাহী সদস্য সাংবাদিক মিজানুর রহমানসহ সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল সাহিত্যকর্ম, বিপ্লবী চেতনা, সংগীত ও বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক গভীরভাবে তুলে ধরেন।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ, পরাধীনতা, সামাজিক বৈষম্য ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক কালজয়ী প্রতিভা। তাঁর ক্ষুরধার লেখনী ও জাগরণমূলক সংগীত বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি তৈরিতে অসামান্য ভূমিকা পালন করেছে। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং গভীর দেশপ্রেমের আদর্শ আজও সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। নজরুলের অমূল্য সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্ম মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অবিরাম প্রেরণা জোগাবে।

আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন